মোঃ শাহিনূর ইসলাম নালিতাবাড়ী প্রতিনিধি।
দেশব্যাপী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করতে নালিতাবাড়ীতে এখন থেকে প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যে উপজেলার সকল মার্কেট ও দোকানপাট (ফার্মেসি, কাঁচাবাজার, খাবার হোটেল ব্যতীত) বন্ধ করতে হবে।
এই নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিয়োগ করা হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।
গত ২৯ এপ্রিল ২০২৬ তারিখে শেরপুরের জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা জারি করা হয়।
সরকারি এই আদেশ বাস্তবায়নে নালিতাবাড়ী উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা ও তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আনিসুর রহমানকে। তিনি উপজেলার বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে টহল দেবেন এবং নির্দিষ্ট সময়ের পর দোকান খোলা রাখলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশে বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের আদেশে বলা হয়েছে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সাশ্রয়ী কার্যক্রম জোরদার করতেই এই বিশেষ অভিযান পরিচালনা করা হবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের সরকারি এই নির্দেশনা মেনে চলে নির্ধারিত সময়ের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা বা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন