নিজস্ব প্রতিবেদক:
সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে Facebook-এ নিয়মিত সংবাদ প্রকাশ করলেও অনেক স্থানীয় ও স্বতন্ত্র সংবাদকর্মীর নিজস্ব ওয়েবসাইট বা প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম নেই। ফলে তারা নানা ধরনের আইনি জটিলতা, পরিচয় সংকট এবং পেশাগত নিরাপত্তাহীনতার মধ্যে কাজ করছেন।
এমন বাস্তবতায় ফেসবুকভিত্তিক সংবাদকর্মীদের জন্য আইনি সহায়তা ও নিবন্ধন ব্যবস্থার দাবি উঠেছে। এ বিষয়ে মত প্রকাশ করেছেন সলপ নিউজের সম্পাদক মোঃ ফয়সাল হাসান।
তিনি বলেন, বর্তমানে দেশের বিভিন্ন এলাকা থেকে অনেক তরুণ ও স্বতন্ত্র সংবাদকর্মী এককভাবে কিংবা ছোট টিম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় সংবাদ, জনদুর্ভোগ, সামাজিক সমস্যা ও উন্নয়নমূলক খবর তুলে ধরছেন। কিন্তু সরকারি বা আইনগত কোনো নিবন্ধন কাঠামো না থাকায় তাদের কাজের স্বীকৃতি এবং নিরাপত্তা দুটোই প্রশ্নের মুখে পড়ে।
তিনি আরও বলেন, “যারা মাঠপর্যায়ে কাজ করে জনগণের কথা তুলে ধরছেন, তাদের জন্য একটি সহজ নিবন্ধন ব্যবস্থা, পরিচয়পত্র এবং আইনি সহায়তার সুযোগ তৈরি করা সময়ের দাবি।”
সংশ্লিষ্ট মহলের মতে, ডিজিটাল যুগে সংবাদ প্রচারের মাধ্যম বদলেছে। তাই শুধুমাত্র ওয়েবসাইটনির্ভর গণমাধ্যম নয়, সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক সংবাদকর্মীদের জন্যও নীতিমালা প্রণয়ন ও নিবন্ধনের সুযোগ তৈরি করা হলে স্থানীয় সাংবাদিকতা আরও শক্তিশালী হবে।
স্থানীয় সংবাদকর্মীদের আশা, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।
.jpeg)

একটি মন্তব্য পোস্ট করুন