মোঃ সেলিম মাদারীপুর প্রতিনিধি।
মাদারীপুরে ফর্ম পূরণের টাকা আত্মসাৎ করার অভিযোগে ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। অভিযোগ উঠেছে, প্রায় ৩ লক্ষ টাকা নিয়ে পালিয়েছেন এক খণ্ডকালীন সহকারী শিক্ষক ও অফিস কম্পাউন্ডার।
সোমবার সকালে ঘটনার প্রতিবাদে বিদ্যালয় ক্যাম্পাসে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থী ও অভিভাবকরা। তারা দ্রুত দোষীদের গ্রেফতার ও বিচার দাবি করেন।
জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার মস্তাপুর ইউনিয়নের একটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২০ জন শিক্ষার্থী মূল্যায়ন পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য হয়। পরে তাদের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার আশ্বাস দেন বিদ্যালয়ের খণ্ডকালীন সহকারী শিক্ষক সোহেল মোড়ল এবং অফিস কম্পাউন্ডার নুর আলম লিটন।
এই সুযোগের কথা বলে প্রতিটি শিক্ষার্থীর কাছ থেকে প্রায় ১৫ হাজার টাকা করে মোট ৩ লক্ষ টাকা সংগ্রহ করা হয়। কিন্তু অভিযোগ রয়েছে, ওই টাকা ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করেন অভিযুক্তরা। ফলে নির্ধারিত সময়েও শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আসেনি।
প্রবেশপত্র না পেয়ে বিষয়টি জানাজানি হলে সোমবার সকালে বিদ্যালয় মাঠে জড়ো হন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। পরে তারা বিক্ষোভ শুরু করেন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান।


একটি মন্তব্য পোস্ট করুন