, বাংলাদেশ |

শীর্ষ খবর

সাঁথিয়ায় শহীদ নিজামীর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

 



শামীম আহমেদ পাবনা প্রতিনিধি।


পাবনার সাঁথিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমীরে জামায়াত শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর জীবন, কর্ম ও আদর্শ নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ মে) বিকাল ৩টায় সাঁথিয়া উপজেলা অডিটোরিয়ামে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম এমপি বলেন, “মাওলানা মতিউর রহমান নিজামী ছিলেন ইসলামী আন্দোলনের একজন ধৈর্যশীল, আদর্শবান ও ত্যাগী নেতা। তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দেশ, ইসলাম ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তাঁর আদর্শ নতুন প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।

তিনি আরও বলেন, “বাংলাদেশে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় শহীদ নিজামীর অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর বিরুদ্ধে যত অপপ্রচারই করা হোক না কেন, মানুষের হৃদয়ে তিনি একজন আদর্শিক নেতার স্থান দখল করে আছেন।

প্রধান আলোচকের বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলামন খান এমপি বলেন, “শহীদ নিজামী ছিলেন কোরআনের আলোকে সমাজ গঠনের একজন নিবেদিত প্রাণ সৈনিক। তিনি রাজনৈতিক জীবনে সততা, আদর্শ ও দায়িত্বশীলতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

তিনি বলেন, “দেশের ইসলামী আন্দোলনকে সুসংগঠিত করতে তাঁর অবদান অনস্বীকার্য। ব্যক্তি জীবনে তিনি ছিলেন অত্যন্ত সাদাসিধে, পরোপকারী ও মানবিক গুণাবলির অধিকারী।

বিশেষ অতিথির বক্তব্যে পাবনা-৪ আসনের সংসদ সদস্য ও পাবনা জেলা জামায়াতের আমীর আবু তালেব মন্ডল এমপি বলেন, “মাওলানা নিজামী শুধু একটি দলের নেতা ছিলেন না, তিনি ছিলেন কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। তাঁর আদর্শিক নেতৃত্ব ইসলামী আন্দোলনের কর্মীদের আজও সাহস ও অনুপ্রেরণা জোগায়।

তিনি আরও বলেন, “দেশের মানুষ ন্যায়, ইনসাফ ও কল্যাণভিত্তিক সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখে। শহীদ নিজামী সেই স্বপ্ন বাস্তবায়নে আজীবন সংগ্রাম করেছেন।

পাবনা-১ আসনের সংসদ সদস্য ড. ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি বলেন, “মাওলানা মতিউর রহমান নিজামী ছিলেন একজন দূরদর্শী রাজনৈতিক ব্যক্তিত্ব ও ইসলামী চিন্তাবিদ। তিনি জ্ঞান, প্রজ্ঞা ও নেতৃত্বগুণ দিয়ে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।”

তিনি বলেন, “তাঁর আত্মত্যাগ ও আদর্শিক সংগ্রাম আগামী প্রজন্মের কাছে ইতিহাসের অংশ হয়ে থাকবে।”

এ সময় আরও বক্তব্য দেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য মাওলানা মুহাম্মদ আলী আছগার এবং পাবনা জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম খান, অধ্যক্ষ ইকবাল হোসাইন, সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার খান, সহকারী সেক্রেটারি আবু সালেহ মো. আব্দুল্লাহ, এস এম সোহেল প্রমুখ। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাঁথিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোখলেছুর রহমান। আলোচনা শেষে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন