মোঃ জাহিদ হোসাইন চৌহালী প্রতিনিধি।
জুলাই স্পিরিটে গঠিত পেশাজীবীদের সংগঠন **ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্স (এনপিএ)** আয়োজিত “গণভোটের রায় এবং সংস্কার বাস্তবায়ন: কোন পথে হাঁটছে বাংলাদেশ? পেশাজীবী সমাজের ভাবনা” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দেশের সাম্প্রতিক রাজনৈতিক ও নীতিগত বিষয় নিয়ে পেশাজীবীদের মতামত উঠে আসে।
আলোচনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখতার হোসেন এমপি, ড. এ কে এম ওয়ারেসুল করিম, ফাহিম মাশরুর, সারজিস আলম, সারোয়ার তুষার, মনিরা শারমিন এবং ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি। অনুষ্ঠান সঞ্চালনা করেন এনপিএ’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল ফয়সাল।
উদ্বোধনী বক্তব্যে নাভিদ নওরোজ শাহ্ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে পেশাজীবী সমাজের সক্রিয় অংশগ্রহণ স্বৈরাচারবিরোধী আন্দোলনকে ত্বরান্বিত করেছিল। আখতার হোসেন এমপি অভিযোগ করেন, সংবিধানের অপব্যাখ্যা দিয়ে সংসদে সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা হচ্ছে। সারোয়ার তুষার বলেন, গণভোটের রায় উপেক্ষা করা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।
আলোচনায় ফ্যামিলি কার্ডের বাজেট, জ্বালানি ও বিদ্যুৎ সংকট, হাম প্রতিরোধে ব্যর্থতা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মব কালচার, বাকস্বাধীনতা ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অস্থিরতা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। বক্তারা মত দেন, সরকার প্রতিশ্রুত সংস্কার প্রক্রিয়া থেকে সরে গেছে এবং দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
সভায় সুশীল সমাজের প্রতিনিধিদের পাশাপাশি দর্শক-শ্রোতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আলোচনা সভা সফলভাবে শেষ হয়। আয়োজনের দায়িত্বে ছিলেন এনপিএ আহ্বায়ক কমিটির সদস্য সচিব তৌহিদ হোসেনসহ সংশ্লিষ্টরা।


একটি মন্তব্য পোস্ট করুন