মোঃ রনি রজব ভোলাহাট উপজেলা প্রতিনিধি।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় অবস্থিত প্রয়াত সাবেক প্রতিরক্ষা সচিব কাজী জালাল উদ্দিনের আম বাগানটি বর্তমানে দেশের অন্যতম প্রাচীন ও বৃহৎ আম বাগান হিসেবে পরিচিত। বিশাল এই বাগানটি এখন একটি জনপ্রিয় দর্শনীয় স্থান ও পিকনিক স্পটে পরিণত হয়েছে।
প্রায় ৩০০ বিঘা বা তারও বেশি জায়গাজুড়ে বিস্তৃত এই বাগানে রয়েছে বিভিন্ন প্রজাতির অসংখ্য আম গাছ। সারি সারি সবুজ গাছপালা আর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পরিবেশ ভ্রমণপিপাসুদের কাছে বিশেষ আকর্ষণ তৈরি করে।
বাগানটির অন্যতম আকর্ষণ হলো এর ভেতরে অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ। ১২২১ হিজরী সালে নির্মিত এই প্রাচীন মসজিদটি গৌড়িয়া ইট ও চুন-সুরকি দিয়ে তৈরি। মসজিদের গায়ে থাকা নান্দনিক নকশা অতীতের স্থাপত্যশৈলীর সাক্ষ্য বহন করে।
এই বাগানটি ভোলাহাট উপজেলার কানসাট বাজার অতিক্রম করে নতুন ব্রিজের ডান পাশের রাস্তা দিয়ে সহজেই যাওয়া যায়। সহজ যোগাযোগ ব্যবস্থার কারণে প্রতিদিনই এখানে দর্শনার্থীদের ভিড় বাড়ছে।
বিশেষ করে আম মৌসুমে বাগানের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন। আবার শীত মৌসুমে এটি পিকনিকের জন্য একটি আদর্শ স্থান হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন