হোসাইন আহমেদ তাড়াশ উপজেলা প্রতিনিধি।
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় এক অসহায় বিধবা নারীর ঘরে হামলা, মারধর ও নগদ টাকা লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী তাড়াশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার উত্তর ওয়াপদা বাঁধ (পুরাতন বাঁশ বাজার) এলাকার বাসিন্দা মোছা. অবিরন খাতুন (৫৮) দীর্ঘদিন ধরে একা বসবাস করে আসছেন। স্বামী পরিত্যক্ত এই নারী জীবিকার তাগিদে অন্যের বাড়িতে ঝি-চাকরের কাজ করে জীবিকা নির্বাহ করেন। তিনি ওই এলাকায় একটি টিনের ঘরে বসবাস করছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ১০ আগস্ট ২০২৬ তারিখ শুক্রবার বেলা আনুমানিক ১২টার দিকে পূর্ব শত্রুতার জেরে একই এলাকার মো. শাকিল হোসেন (৩৫) ও মো. শহিদুল ইসলাম (৪৮) দলবল নিয়ে তার ঘরে জোরপূর্বক প্রবেশ করে। এ সময় তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ, মারধর এবং শ্লীলতাহানির চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে। একপর্যায়ে ঘরে থাকা তার জমানো প্রায় ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
ঘটনার সময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশের প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ বিষয়ে স্থানীয়দের মধ্যে একাধিক ব্যক্তি সাক্ষ্য দিতে পারবেন বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
পরে বিষয়টি স্থানীয়ভাবে সালিশে জানানো হলে, সেখান থেকে তাকে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, “অভিযোগটি হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন