রিপন আহমেদ মৌলভীবাজার প্রতিনিধি ।
মৌলভীবাজার জেলার ১২নং গিয়াসনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের দরিয়ারমহল বানিকা এলাকায় একটি ছোট রাস্তা দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
জানা যায়, ২নং ও ৩নং ওয়ার্ডের ফিসারির সামনে থেকে সিরাজ মিয়ার বাড়ি পর্যন্ত প্রায় ৩০০ ফুট দীর্ঘ রাস্তাটি দীর্ঘ ১০ বছরেও ইট সলিং বা পাকা করা হয়নি। ফলে রাস্তাটি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই কাদা ও পানিতে ভরে গিয়ে এটি একপ্রকার মরণফাঁদে পরিণত হয়।
এই পরিস্থিতিতে ক্ষুব্ধ এলাকাবাসী গত ২৯ মার্চ দুপুরে জেলা প্রশাসক, জেলা পরিষদের প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত আবেদন করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন এই রাস্তাটি দিয়ে প্রায় ২ হাজার মানুষ চলাচল করেন। বিশেষ করে স্কুল ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছে। কাদামাটির কারণে অনেক সময় শিক্ষার্থীরা নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে না।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ এক দশক ধরে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বিভিন্ন অজুহাতে রাস্তাটি সংস্কারের কাজ পিছিয়ে দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দা রিপন মিয়া বলেন, “মাত্র ৩০০ ফুট রাস্তার জন্য পুরো এলাকার মানুষ ভোগান্তিতে পড়েছে। অসুস্থ রোগী নিয়ে হাসপাতালে যাওয়া বা শিশুদের স্কুলে পাঠানো এখন খুবই কঠিন হয়ে গেছে।
আরেক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “গ্রামের বড় বড় রাস্তা পাকা করা হলেও এই ছোট অংশটি কেন অবহেলিত, তা আমাদের বোধগম্য নয়। আমরা দ্রুত এর সমাধান চাই।
এ বিষয়ে গিয়াসনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য অকিল সূত্রধর মুঠোফোনে জানান, “রাস্তাটি সংস্কারের জন্য চেষ্টা চলছে।
এদিকে এলাকাবাসী দ্রুত রাস্তা সংস্কারের জন্য জেলা প্রশাসক এবং মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্যের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন