মোঃ ছায়েদ আলী শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের শংকরসেনা মোকামবাড়ী ও শিববাড়ী এলাকায় আশঙ্কাজনক হারে মাদকের বিস্তার ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা এবং দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ দাবি জানিয়েছেন তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন বিকেল থেকে শুরু করে নির্দিষ্ট কয়েকটি স্থানে প্রকাশ্যে মাদক বিক্রি করা হচ্ছে। অভিযোগ রয়েছে, একজন টমটম (অটোরিকশা) চালক দীর্ঘদিন ধরে এই অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার পরিবারের সদস্যরা বিষয়টি সম্পর্কে অবগত থাকলেও এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
এলাকাবাসীর দাবি, মাদকের সহজলভ্যতার কারণে স্থানীয় যুবসমাজ ধীরে ধীরে নেশার দিকে ঝুঁকে পড়ছে, যা সামাজিক অবক্ষয়ের বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান পরিচালনার পাশাপাশি সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার জোর দাবি জানান তারা।
এ বিষয়ে প্রশাসনের জরুরি দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী বলেন, “এভাবে চলতে থাকলে আমাদের তরুণ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে বলে জানান এলাকাবাসী।

একটি মন্তব্য পোস্ট করুন