মোঃ রনি রজব ভোলাহাট প্রতিনিধি।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অপহরণ ও হত্যা মামলার এক ভিকটিমকে দীর্ঘ ৭ বছর পর জীবিত উদ্ধার করেছে ভোলাহাট থানা পুলিশ। এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মোছাঃ আয়েশা খাতুন (১৭), পিতা মোঃ আবুল হোসেন ও মাতা মোসাঃ আদুরী বেগম, গ্রামের বাড়ি আলমপুর, থানা ভোলাহাট, জেলা চাঁপাইনবাবগঞ্জ। তিনি ২০১৯ সালের ৩১ মে দুপুরে পিতার বাড়ি থেকে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরবর্তীতে ভিকটিমের মা আদুরী বেগম বিজ্ঞ আদালতে অপহরণ ও হত্যা মামলা দায়ের করেন।
মামলাটি সি আর মামলা নং-৯৫/২০২৩, ধারা ৩৬৪/৩০২/১০৯ পেনাল কোডে রুজু করা হয়। পরবর্তীতে চূড়ান্ত রিপোর্ট দাখিলের পর পুনরায় সি আর মামলা নং-১৯৯/২০২৪ (ভোলা) হিসেবে তদন্ত কার্যক্রম চলমান থাকে।
দীর্ঘ তদন্তের এক পর্যায়ে গত ৩ মে ২০২৬, রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে ভোলাহাট ঢাকা বাস স্ট্যান্ড এলাকায় বিআরটিসি কাউন্টারের সামনে থেকে ভোলাহাট থানা পুলিশ ভিকটিম আয়েশা খাতুনকে জীবিত উদ্ধার করে।
বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বিজ্ঞ আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ কামাল হোসেন জানান, ঘটনাটির প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ আন্তরিকভাবে কাজ করছে এবং জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন