মোঃ শাহিনূর ইসলাম নালিতাবাড়ী প্রতিনিধি।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এক বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর করেছে। অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে ভারতের কারাগারে কারাভোগকালে তাঁর মৃত্যু হয়। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের উপস্থিতিতে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
নিহত যুবকের নাম শিপন হাওলাদার (৩৫)। তিনি বরগুনা সদর উপজেলার সবেজ হাওলাদারের ছেলে।
পুলিশ ও বিজিবি সূত্রে জানা যায়, প্রায় ১৯ মাস আগে শিপন হাওলাদার ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক হয়ে তিনি স্থানীয় পুলিশের কাছে সোপর্দ হন। আদালত তাঁকে অবৈধ অনুপ্রবেশের দায়ে কারাদণ্ড দিয়ে তুরা কারাগারে পাঠায়। আগামী ২৮ এপ্রিল তাঁর সাজা শেষ হওয়ার কথা ছিল।
এর মধ্যে গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। দুই দেশের আইনগত প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে মরদেহটি হস্তান্তর করা হয়।
মরদেহ হস্তান্তরের সময় বিএসএফের পক্ষে ঢালু কোম্পানির কমান্ডার ইন্সপেক্টর কিমা রায়, বিজিবির পক্ষে হাতিপাগার সুবেদার ফুল মিয়া সরকার এবং নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান বলেন বিএসএফের পক্ষ থেকে মরদেহ হস্তান্তরের পর আমরা মৃতের ছোট ভাই রিপন হাওলাদারের কাছে মরা দেহটি হস্তান্তর করেছি।

একটি মন্তব্য পোস্ট করুন