, বাংলাদেশ |

শীর্ষ খবর

নওগাঁয় পারিবারিক কলহে স্বামীর আঘাতে স্ত্রীর মৃত্যু।

 


তাসমিরা তাবাসসুম, নওগাঁ প্রতিনিধি ।


নওগাঁর পোরশা উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর আঘাতে স্ত্রী নিহত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার নিতপুর ইউনিয়নের শীতলী ডাঙ্গাপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম মর্জিনা বেগম। অভিযুক্ত স্বামী মোঃ মোকিমকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে মোকিম ক্ষেতে কাজ শেষে বাড়ি ফিরে তার স্ত্রী মর্জিনা বেগমের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তর্ক-বিতর্ক তীব্র আকার ধারণ করলে উত্তেজিত হয়ে তিনি রান্নাঘর থেকে একটি প্রেসার কুকার এনে স্ত্রীর মাথায় আঘাত করেন।

আঘাতে গুরুতর আহত মর্জিনাকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে পোরশা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত মোকিমকে আটক করে রশি দিয়ে বেঁধে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিরীহ মর্জিনার এমন মর্মান্তিক মৃত্যুতে শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা দ্রুত অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে পোরশা থানা পুলিশ জানায়, ঘটনার পর অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন